পিরোজপুরের কাউখালীতে যৌথ অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার ও সজীব সরদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।
রবিবার (৭ জুন) দুপুরে পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুজখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন এবং পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা আছে বলে জানান।
পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘‘সজীবের মোবাইল ফোনে একটি শটগানসহ ছবি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









