রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাতের আঁধারে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ। গতকাল রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে ক্যাম্পাসে পোস্টারিংয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়। সংগঠনটির শহীদ জিয়াউর রহমান হল শাখার ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, বাস ও ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) বটমূল এলাকায় এই পোস্টারগুলো লাগানো হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারগুলোর ছবি ছড়িয়ে পড়ার পর সরেজমিনে ক্যাম্পাসের কোথাও আর সেগুলো দেখা যায়নি।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার পর কেন্দ্রীয় ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে রাবি ক্যাম্পাসে পোস্টারিংয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়। পোস্টারগুলোতে 'কারাগারের দেওয়াল ভাঙবে তবু মানুষের কণ্ঠস্বর নয়', 'গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা', 'শিক্ষা নিয়ে টালবাহানা চলবে না, চলবে না' ইত্যাদিসহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
নিষিদ্ধঘোষিত সংগঠনের এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা।
শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক এবং সাবেক সমন্বয়ক মেহেদী সজীব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, জুলাইয়ের তাজা রক্ত এখনো আমাদের শরীরে বহমান। এই রক্ত যতদিন থাকবে, শহীদদের অনুপ্রেরণা যতদিন থাকবে ততদিন সন্ত্রাসী লীগকে একবিন্দুও ছাড় দেওয়া হবে না।
শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ লিখেছেন, নিষিদ্ধ হওয়ার পরেও রাতের আঁধারে পোস্টার টাঙিয়ে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা বৃথা। এমন নিষিদ্ধ কর্মকান্ড পরবর্তী সময় দেখানোর সাহস যেনো আর না করা হয়। যারা পেছনের দরজা দিয়ে উঁকি মারার দুঃসাহস দেখাচ্ছে, তাদের মনে রাখা উচিত— আগুন নিয়ে খেলার পরিণাম ভালো হবে না!
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পোস্টার কারা লাগিয়েছে সেটার খোঁজ আমরা এখনো পাইনি। তবে, ক্যাম্পাসে গোয়েন্দা এবং পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। ক্যাম্পাসে যাতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আমাদের কোনো শিক্ষার্থী লাগিয়েছে কিনা সেটাও আমরা খোঁজ নিচ্ছি।
এর আগে, গত ৫ মে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের ১১টি হলে আংশিক কমিটির অনুমোদন দেয় শাখা ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে এটাই তাদের প্রথম প্রকাশ্য কার্যক্রম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









