২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো ‘ক্রিয়েটিভ অর্থনীতি’কে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। চলচ্চিত্র, ডিজিটাল কনটেন্ট, গেমিং, ডিজাইন ও ফ্রিল্যান্সিংসহ সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতির কেন্দ্রে আনতে এবং তৃণমূলের ঐতিহ্যকে বিকশিত করতে ‘১টি গ্রাম-১টি পণ্য’ উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সৃজনশীল শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকারি, বেসরকারি ও এনজিও খাতের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, দেশজুড়ে সৃজনশীল শিল্প বিকাশে ‘১টি গ্রাম-১টি পণ্য’ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় তাঁতশিল্প, মৃৎশিল্প, বুননশিল্প, শীতলপাটি, শতরঞ্জি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না ও টেরাকোটাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য চিহ্নিত করে উন্নয়ন করা হবে।
এছাড়া আঞ্চলিক পর্যায়ে সৃজনশীল হাব গড়ে তুলতে ১০ বছর মেয়াদি বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকার পূর্বাচলে ১৬০ একর জায়গায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে একটি ‘সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে এবং শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি চত্বরে ‘ক্রিয়েটিভ হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা খাতেও এ উদ্যোগ সম্প্রসারণের অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইনোভেশন হাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, সৃজনশীল পণ্যের নকশা উন্নয়নে দেশীয় ডিজাইনারদের নিয়ে ‘ন্যাশনাল পুল অব ডিজাইনার্স’ গঠন করা হচ্ছে। বিসিকের নকশাকেন্দ্র আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ রয়েছে।
এছাড়া অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক উৎসব আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে কয়েকটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে।
দেশীয় সৃজনশীল পণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে ‘Created in Bangladesh’ নামে একটি নতুন জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বাজেট বক্তব্যে উল্লেখ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









