রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় একটি টহল দল মারিশ্যা উপজেলার পাকুয্যাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টহল দল মালিকবিহীন অবস্থায় ১০৩ দশমিক ৩৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, ‘‘মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। এসব তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত আভিযানিক টহল পরিচালনার মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম জোরদার করা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









