বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল তার উদ্ভাবিত ‘থান্ডারবোল্ট’ মিসাইল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সুজন পাল। এ সময় তিনি প্রকল্পটির উদ্দেশ্য, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
সাক্ষাৎকালে উপাচার্য সুজনের গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণ গবেষকদের এ ধরনের সৃজনশীল কাজে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রকল্পটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় একাডেমিক ও গবেষণা সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সুজন চন্দ্র পাল জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করছেন। ‘থান্ডারবোল্ট’ প্রকল্পও তার গবেষণামূলক কাজের একটি অংশ, যার মাধ্যমে তিনি প্রযুক্তিগত দক্ষতা ও গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচনের চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ইতিবাচক আশ্বাস তাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করতে উৎসাহিত করবে।’’
সাক্ষাৎকালে পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, সহকারী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. সোনিয়া খান সনি উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









