ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আন্দোলন-সংগ্রামে প্রাণোৎসর্গকারী শহীদ জুলাইযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখা।
আজ বুধবার (৫ আগস্ট) বেলা দুইটার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে এ কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ কুষ্টিয়া পৌর গোরস্থানে শায়িত শহীদ আব্দুল্লাহ আল মোস্তাকিন, শহীদ ইউসুফ শেখ এবং শহীদ মো. আশরাফুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয়ে বিশেষ দোয়া করা হয়।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা, কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. হাবিবুর রহমান এবং জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মাসুম বিল্লাহসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গাজীদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই আজকের নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। শহীদদের এই আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়, সে জন্য ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









