জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা ও পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল।
বুধবার (৫ আগস্ট) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের প্রধান ফটক থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নবস্থাপিত নিউরোলজি ও ইউরো বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানসহ চিকিৎসক, ছাত্রদল নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তব্যে এমপি শিমুল বিশ্বাস জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।
ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, “নতুন নিউরোলজি ও ইউরো বিভাগ চালু হওয়ায় পাবনার মানুষ বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজে পাবেন।”
হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান বলেন, “নতুন বিভাগ চালুর ফলে জটিল রোগের চিকিৎসার জন্য জেলার রোগীদের বাইরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। অনুষ্ঠানের শেষে অতিথিরা নতুন বিভাগ দুটি পরিদর্শন করেন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









