জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত যে প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি নেই, সেটিকে প্রকৃত অর্থে ডকুমেন্টারি বলা যায় না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “প্রামাণ্যচিত্রটিতে একাধিক ভুল রয়েছে। আবু সাঈদ জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক। তাই তার ছবি ছাড়া এ ধরনের ডকুমেন্টারি পূর্ণতা পায় না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল।”
তিনি বলেন, “বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। তাই এরপর সবাইকে শান্ত থাকা উচিত ছিল। বিষয়টি ধরে রেখে সংসদের মতো ওয়াকআউট করা সমীচীন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।”
সরকারের সমালোচনা গ্রহণের বিষয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “বর্তমান সরকার জনগণের সরকার। কোনো ভুল হলে জনগণ তা ধরিয়ে দিলে সরকার তা সংশোধন করবে।”
তিনি আরও বলেন, “আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না।”
এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।
প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষ হওয়ার পর মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









