গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতভর বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, বিভিন্ন ধরনের মাদক এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বুধবার (৫ আগস্ট) সকালে জিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল টঙ্গীর হাজী মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেশীয় অস্ত্র, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের খালি বোতল এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সংশ্লিষ্ট অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “টঙ্গী এলাকায় মাদকের বিস্তার রোধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









