নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষক। একাডেমিক উৎকর্ষতা, গবেষণা কার্যক্রম ও প্রকাশনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।
সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মনোনীত শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেবেন।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল সূত্রে জানা গেছে, দুই শিক্ষাবর্ষের সাতটি অনুষদ থেকে মোট ২৩ জন শিক্ষার্থী এবং পাঁচটি অনুষদের গবেষণাভিত্তিক ২৬টি ক্যাটাগরিতে মোট ১৩ জন শিক্ষক ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
শিক্ষার্থীদের মধ্যে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাহিন সুলতানা লিজা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নিলয় দাস এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন।
একই শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাফিসা জান্নাতুল মাওয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের সাদিউল আলম চৌধুরী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এমরান হোসাইন মনোনীত হয়েছেন।
জীববিজ্ঞান অনুষদ থেকে অণুজীববিজ্ঞান বিভাগের মো. রকিবুল হাসান, ফার্মেসি বিভাগের ফজলে রাব্বী শুভ এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সুকন্যা সাহা এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। আইন অনুষদ থেকে আইন বিভাগের মো. মুবদি ইসলাম এবং বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের ইশরাত জাহান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মনিকা ধর ও অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিভাগের সাবরিনা সুলতানা রিচি মনোনীত হয়েছেন।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ইশরাত জাহান ইভা, সমাজকর্ম বিভাগের সাদিয়া সুলতানা এবং অর্থনীতি বিভাগের মোসাম্মৎ কামরুন নাহার নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে শিক্ষাবিজ্ঞান অনুষদ থেকে এডুকেশন বিভাগের রাহনুমা নূরাইন ও এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হাফসা আক্তার এবং বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মারিয়া তাবাসসুম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়েশা সিদ্দিকা ও ব্যবসায় প্রশাসন বিভাগের ডালিয়া রানী শর্মা ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
শিক্ষক ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন এবং জীববিজ্ঞান অনুষদের ১৩ জন শিক্ষককে গবেষণাভিত্তিক ২৬টি ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে।
মনোনীত শিক্ষকরা হলেন– প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ড. অপূর্ব অধিকারী, ড. এস. এম. সোহেল রানা এবং প্রফেসর ড. মো. আশরাফুল আলম। বিজ্ঞান অনুষদে ড. মোহাম্মদ আব্দুল মোমিন সিদ্দিকী, জাকিউল ইসলাম এবং নিগার সুলতানা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে মো. আতীকুজ্জামান। ব্যবসায় প্রশাসন অনুষদে প্রফেসর ড. আব্দুল কাইয়ুম মাসুদ, মো. শাহরিয়ারে সেতু এবং তানভীর আহমেদ। জীববিজ্ঞান অনুষদে ড. তৌহিদ হাসন, ড. শিপন দাস গুপ্ত এবং ড. শ্যামল কুমার পাল মনোনীত হয়েছেন।
ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত এমআইএস বিভাগের শিক্ষার্থী নাফিসা জান্নাতুল মাওয়া বলেন, ডিনস অ্যাওয়ার্ড অর্জন আমার শিক্ষাজীবনের একটি স্মরণীয় মাইলফলক। এই অর্জন আমার জন্য আনন্দের পাশাপাশি অনেক বড় একটি অনুপ্রেরণা। বিশ্ববিদ্যালয়ের এই পথচলায় অনেক কিছু শিখেছি—শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং ধৈর্য, পরিশ্রম এবং নিজের ওপর বিশ্বাস রাখার গুরুত্ব। এই সাফল্যের পেছনে আমার পরিবার, শিক্ষক এবং যারা সবসময় পাশে থেকেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের এই ধরনের স্বীকৃতি দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের সম্মাননা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করে এবং ভবিষ্যতে ভালো কিছু করার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
আমি মনে করি, একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি হলো শেখার আগ্রহ এবং কঠিন সময়েও এগিয়ে যাওয়ার মানসিকতা। অনুজদের বলতে চাই, “নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে চেষ্টা করে যাও এবং অন্যের সঙ্গে নয় বরং নিজের আগের অবস্থানের সঙ্গে প্রতিযোগিতা করো। তোমার ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় অর্জনে পরিণত হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









