২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘১২তম আরইউএসসি ফ্রেশার্স রিসেপশন ২০২৬’ আয়োজন করা হয়।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথি অংশ নেন। দিনব্যাপী উৎসবের সূচিতে ছিল সায়েন্স অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, সায়েন্স শো, ক্যারিয়ার টক এবং নৃত্য-সঙ্গীতসহ আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ক্যারিয়ার টক’ পর্ব। এতে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এবং এটুআইয়ের মাস্টার ট্রেইনার মো. আতিকুর রহমান।
সংগঠনটির সভাপতি খালিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করে সাধারণ সম্পাদক ইফতিয়্যান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসসিসির পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি ( ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও সংগঠনের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টিএসসিসির পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব বলেন, ‘‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’’
সায়েন্স ক্লাবের কার্যক্রম নিয়ে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘‘সায়েন্স ক্লাবের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়, দলগত কাজ ও উদ্ভাবনী চিন্তার বিকাশে কার্যকর ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয় জীবনে সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সহায়ক।’’
সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি খালিদ মাহমুদ বলেন, ‘‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব দীর্ঘদিন ধরে বিজ্ঞানচর্চা, গবেষণা ও দক্ষতা বিকাশে কাজ করে যাচ্ছে। নবাগত শিক্ষার্থীদের জন্য এ আয়োজন বিশ্ববিদ্যালয় জীবনের একটি সুন্দর সূচনা। তারা ক্লাবের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের সম্ভাবনাকে আরও বিকশিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।’’
অনুষ্ঠানের সমাপনী পর্বে সায়েন্স অলিম্পিয়াড ও আইকিউ টেস্টে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। দিনব্যাপী প্রতিযোগিতা, বিজ্ঞান প্রদর্শনী, ক্যারিয়ারবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল পুরো অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









