বরিশাল নগরীতে ড্রেন নির্মাণ কাজ চলাকালীন একটি দেয়াল ধসে জোবায়ের ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর পুলিশ লাইনস এলাকার ওয়াইডব্লিউসি গলিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সহকর্মী শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজকেও ওয়াইডব্লিউসি গলিতে ড্রেন খনন ও নির্মাণের কাজ চলছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ ড্রেনের পাশের একটি দেয়াল হুড়মুড়িয়ে ধসে পড়তে শুরু করে।
সেখানে কর্মরত তিন শ্রমিকের মধ্যে দুইজন দ্রুত সরে যেতে সক্ষম হলেও বিপত্তি ঘটে জোবায়েরের ক্ষেত্রে। তিনি তাড়াহুড়ো করে সরতে গিয়ে হোঁচট খেয়ে ড্রেনের ভেতরে পড়ে যান। মুহূর্তের মধ্যে ভেঙে পড়া দেয়ালের একটি বিশাল অংশ সরাসরি তার পিঠের ওপর গিয়ে পড়ে।
সহকর্মীরা দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার জন্য সরাসরি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন। তাদের অভিযোগ, মাটির গভীরে খননকাজ করা হলেও পাশের দেয়ালটি কতটা ঝুঁকিপূর্ণ তা মূল্যায়ন করা হয়নি। এমনকি শ্রমিকদের সুরক্ষায় কোনো সেফটি গিয়ার বা নিরাপত্তা বেষ্টনীও ছিল না। সচেতনতা থাকলে এই প্রাণহানি এড়ানো সম্ভব হতো বলে মনে করেন তারা।
তবে নিরাপত্তা ত্রুটির অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মো. অভি বলেন, ‘‘প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল। পাশেই দেয়ালটি যে ধসে পড়তে পারে, এমন কোনো সম্ভাবনা আমাদের মনে হয়নি। কী কারণে হঠাৎ এটি ভেঙে পড়ল, তা এখনো বুঝতে পারছি না।’’
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজ নিয়েছে পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, মৃত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









