জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শিক্ষার্থীরা তাঁকে আটক করে।
আটক যুবকের নাম রিয়াজ আহমেদ (রাজ)। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা এবং আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের একটি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত বলে জানা গেছে।
অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, রাতে অভিযুক্ত রিয়াজ বিশ্ববিদ্যালয়ের টিএসসির নারী ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক নারী শিক্ষার্থী তাঁকে ভেতরে দেখতে পেয়ে পরিচয় এবং সেখানে প্রবেশের কারণ জানতে চান। রিয়াজ কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে অবস্থানরত অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান।
পরে উপস্থিত শিক্ষার্থীরা রিয়াজকে আটক করে তাঁর মোবাইল ফোন পরীক্ষা করলে সেখানে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। এছাড়া তাঁর ফোনে বিভিন্ন অপরাধমূলক টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্ব পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে এই ধরনের ভিডিও আদান-প্রদান করা হতো। একই সঙ্গে তাঁর ফোনে পূর্বে ধারণ করা আরও অনেক নারীর ভিডিও পাওয়া গেছে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশুলিয়া থানা-পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, "এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনাটি জানার পরপরই প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে যায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী জানান, "অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









