ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সদ্য বিদায়ী শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, “শুনেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা না-কি ভারত থেকে আসবেন। আপনারা নিশ্চিত থাকেন— সে কোনদিনও আসবে না। শেখ পরিবারের কারও দাফন বাংলাদেশে হবে না; হবে না। বর্তমান বাংলাদেশে যে রাজনীতি চলমান আছে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের মধ্যে মতাদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা কেউ কারো শত্রু না এবং ছেড়ে যাব না।”
শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা দেন।
ছাত্রদল নেতা বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে যে সকল শহিদ হয়েছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। শিবির সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে, তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, কালক্ষেপণ না করে এদের বিচার বাংলার মাটিতে করতে হবে।”
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হন। এর আগে মিছিলটি শহিদ জিয়ার ভিত্তিপ্রস্তরে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।এসময় উপস্থিত ছিলেন, নতুন কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ-সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









