ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ইবি শাখার নবগঠিত কমিটির নেতারা।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো. তামিম, মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং ক্যাম্পাসে ইতিবাচক ও সহনশীল ছাত্ররাজনীতির পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, “২৪-এর জুলাই আন্দোলনে আমি নিজেও সক্রিয় ছিলাম। জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটিকে শুভেচ্ছা জানাই। আশা করি এ সংগঠনের কার্যক্রম শিক্ষার্থীদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, গত রোববার (৫ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত ৩ সদস্যবিশিষ্ট ইবি শাখার আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









