বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে।
গতকাল সোমবার(১৩ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে জারি করা এ নোটিশে উল্লেখ করা হয়, তৈরি পোশাক কারখানা এলাকায় পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে উপস্থাপিত হয়েছে।
নোটিশে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এ ধরনের কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
নোটিশটি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত।
বিষয়টি নিশ্চিত করে যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহবায় সাজেদুল ইসলাম জানান,যুবদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কারণ দর্শানোর নোটিশ (শোকজ)দেওয়া করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল বলেন,কারণ দর্শানোর নোটিশ পেয়েছি,যুবদল কেন্দ্রীয় কমিটিকে যথা সময়ে এর লিখিত জবাব দেওয়া হবে।
উল্লেখ্য গত ২৮ জুন গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক এলাকায় শতাধিক মোটর সাইকেল মহড়া নিয়ে ফাইজা বাটন জিপার লিমিটেড নামে একটি শিল্পের প্রতিষ্ঠানে সামনে গিয়ে ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করে কতিপয় ব্যক্তি। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল কে প্রধান আসামি করে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









