ভোলা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাসের সঙ্গে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকালে ভোলা সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা, সুশাসন প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা নদী ভাঙন কবলিত মানুষের দুর্ভোগ, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বাজার তদারকি, ভূমি অফিসের সেবার মান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থা তথা রাস্তাঘাট সংস্কার, পরিবেশ দূষণ, অবৈধ দখল উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেন।
জবাবে ইউএনও বলেন, উপজেলার প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে জনসেবাকে আরও গতিশীল করা হবে। সরকারি সেবা গ্রহণে যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে নিয়মিত তদারকি করা হবে। পাশাপাশি ভূমি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।
সভায় ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন লিটনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ভোলা সদর উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









