জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে "Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সিএসই বিভাগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “হুইলচেয়ারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবহারকারীর অঙ্গভঙ্গি বিশ্লেষণভিত্তিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এটি আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করা সম্ভব। এতে দেশের শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যক্তিরা তুলনামূলক কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন।”
উপাচার্য বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য গবেষণার মাধ্যমে এমন উদ্ভাবনী সমাধান তৈরি করা, যা আন্তর্জাতিক পর্যায়েও অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ এবং সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর অংশীদারিত্বকে কেবল আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে কার্যকর ফলাফল নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উপাচার্য আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যেন মানবকল্যাণে সরাসরি অবদান রাখে এবং দেশের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক প্রযুক্তি উদ্ভাবন করেন। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্মরণীয় অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, সিআরপি সাভারের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন এবং ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)-এর প্রতিনিধি অধ্যাপক শাহরিয়ার রহমানসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন প্রকল্পের সহকারী প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক স্বণালী বসাক। সভাপতিত্ব করেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, গবেষণা প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে।
প্রকল্পটির মাধ্যমে ব্যবহারকারীর অঙ্গভঙ্গি শনাক্ত করে পরিচালিত হতে সক্ষম একটি বুদ্ধিমত্তাসম্পন্ন হুইলচেয়ার উন্নয়নের লক্ষ্যে গবেষণা চলছে, যা ভবিষ্যতে শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যক্তিদের চলাচল আরও সহজ ও নিরাপদ করতে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









