ঝিনাইদহের মহেশপুরে জমিতে পাকা কলাই কাটার সময় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে নূর মোহাম্মদ (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়াদহ মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জসিম (৩৫) একই উপজেলার পুড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুড়াদহ মাঠে পাশাপাশি নিজেদের জমিতে পাকা কলাই কাটছিলেন নূর মোহাম্মদ ও জসিম। এ সময় নূর মোহাম্মদের খালাতো বোনের জামাই বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে করা আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








