কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার একটি রেস্টুরেন্টে কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘোষিত কমিটিতে মো. আব্দুল হালিম সভাপতি, মো. আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিকী দায়িত্ব পেয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন শাহীন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারণী কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি পংকজ কান্তি আইচ, নির্বাহী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সিনিয়র সহ-সভাপতি মো. নেয়ামুল ইসলাম অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। শিক্ষকদের অধিকার আদায় ও দাবি বাস্তবায়নে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। দেশের ৬৪টি জেলায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত ও জোরদার করার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিকী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








