পাবনা সদর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অভিযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ)।
শুক্রবার (১৩ নভেম্বর) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার পাঁচটি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে লঞ্চঘাট বাংলাবাজার এলাকার মেসার্স এআরবি ব্রিকসকে ৪ লাখ টাকা, কোশাখালী এলাকার মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং দীপচর বাঁধ এলাকার মেসার্স এআরবি ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রাধাকান্তপুর এলাকার মেসার্স এ অ্যান্ড এ ব্রিকসকে ৩ লাখ টাকা এবং একই এলাকার মেসার্স এমএইচকে ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচটি ইটভাটা থেকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী ও পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন প্রদান করেন।
এ সময় পাবনা জেলা পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পাবনা জেলা পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ, অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








