মাদারীপুর জেলার শিবচরে কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে দ্রুতগতিতে ছুটে আসা ট্রলি থেকে দুই বছর বয়সী নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন দাদা শাহজাহান খন্দকার।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পাঁচ্চরে দুর্ঘটনাটি ঘটে। এসময় শিশুটির শরীরে জখম হলেও সে আশঙ্কামুক্ত রয়েছে।
নিহত শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাজার করার জন্য দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে যান শাহজাহান খন্দকার। বাজার শেষে বাড়ি ফেরার সময় পাঁচ্চর বাজারের স্বর্ণকারপট্টির নিকট ভ্যানে ওঠার সময় দ্রুতগতিতে একটি ট্রলি গাড়ি ছুটে আসে। নাতিকে দ্রুত সরাতে গেলে ট্রলিটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তার সাথে থাকা শিশুটির হাত-পা জখম হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান বলেন, ‘‘শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ছিলে গেলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি। সে সুস্থ্য আছে।’’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, ‘‘এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








