নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে মুখ থুবড়ে পড়ল ভারতীয় দলের ইনিংস। নিউজিল্যান্ডের নির্ধারিত ৩৩৩ রানের জবাবে ২৬.৪ ওভারে ৮৯ রানে অলআউট ভারত। ২৪৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ১-২ করল কিউয়িরা।
৩৩৪ রান তাড়া করতে নেমে কোনও রান না করেই আউট হন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার। এতে প্রথম ওভারের পর ভারতের স্কোর দাঁড়ায় ০ রানে ৩ উইকেট। এমন লজ্জাজনক পরিস্থিতিতে আগে কখনও পড়তে হয়নি ভারতীয় দলকে।
দলকে ভরসা দিতে পারেননি আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াডও (৫)। তাকে আউট করেন কাইল জেমিসন। ৯ রানে ৪ উইকেট হারানোর পর বিশেষ কিছু করার ছিল না ভারতের অন্য ব্যাটারদের।
ঈশান কিশন, অক্ষর পটেল, নমান ধীরেরা ব্যাট করলেন হারের ব্যবধান যতটা সম্ভব কম করার লক্ষ্য নিয়ে।
ঈশান ৫৩ বলে ২৭, অক্ষর ৩৬ বলে ২১ ও নমানের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২১ রান। বে ওভালের ২২ গজে দাঁড়াতে পারেননি আকিব নবি (৫), কুলদীপ যাদব (১), গুরনুর ব্রারেরাও (২)।
শেষ পর্যন্ত ২৭ রানে ৬ উইকেট নেন হেনরি। ৩১ রানে ৩ উইকেট নেওয়া ম্যাথিউ ফিশারও ভারতীয় ব্যাটারদের স্বস্তিতে থাকতে দেননি। ১২ রানে ১ উইকেট জেমিসনের।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগিয়ে নিউজিল্যান্ড ৫০ ওভারে করে ৩৩৩ রান।
ওপেনার উইল ইয়াং ১৪টি চার এবং ৪টি ছয়ে ১০৮ বলে ১২৫ রান করেন। আরেক ওপেনার টিম সেইফার্ট ৪৮ বলে ৫৮ রান করেন ৬টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে।
অ্যালেন ৩০ বলে ৪১ রান করেন ৫টি চার এবং ২টি ছয়ে। এ ছাড়া মিচেল স্যান্টনার ২৪, ক্রিস্টিয়ান ক্লার্ক ২২ এবং জেমিসন অপরাজিত ১৯ রান করেন।
অক্ষর, নবি ও গুরনুর প্রত্যেকে ২টি করে উইকেট নেন। এছাড়া নমান ও আর্শদীপ ১টি করে উইকেট নেন।
২৪৪ রানের এই হার এক দিনের ক্রিকেটে ভারতের দ্বিতীয় বৃহত্তম। এর আগে ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত।
এছাড়া, ওয়ানডেতে ৮৯ রান ভারতের তৃতীয় সর্বনিম্ন। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে করা ৫৪ রান সর্বনিম্ন। দ্বিতীয় সর্বনিম্ন ৮৮ রান ২০১০ সালে ডাম্বুলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








