“বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের নামে হল হয়েছে, কিন্তু সাজিদ আব্দুল্লাহর নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একটা হল হলো না।”-সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন হত্যাকাণ্ডের শিকার সাজিদ আব্দুল্লাহর পিতা মাওলানা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা হলের নামকরণ করবে, এটা তাদের সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি যেটা খবর পেয়েছি, সেই বুয়েটের ছাত্র আবরারের নামে হল হয়েছে। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ আব্দুল্লাহর নামে এখনো কোনো হলের নামকরণ করা হলো না। এটা কেন হলো না, এটাই আমার প্রশ্ন। আমার দাবি, এটা আগে হওয়া দরকার ছিল। আবরারের নামে হল হোক, সে-ও নির্যাতিত। আন্দোলনের সময় শিক্ষার্থীরাই ওয়াদা দিয়েছিল যে, সাজিদের নামে একটা হল নির্মাণ করা হবে। আমার কাছে এর রেকর্ড আছে, যদিও আমি এটা পরে পেয়েছি। সে অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করা দরকার।”
তিনি আরও বলেন, “ক্ষতিপূরণ হিসেবে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে এক কোটি টাকা দাবি করেছিল। কিন্তু আজ এক বছর হয়ে গেল, একটা ফোনও পেলাম না। ‘আপনার দাবি কি আপনি চান?’—এমন একটা সান্ত্বনার বাণীও তারা আমাকে দেয়নি। উল্টো আমাকেই এটার খোঁজখবর নিতে হয়েছে। তাই প্রশাসনের ওয়াদাকৃত ক্ষতিপূরণটা দেওয়া দরকার বলেই আমি মনে করি। আমার তো অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।”
রবিবার (১৯ জুলাই) সাজিদ হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে দোষীদের শনাক্তকরণ, দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করেন নিহতের পিতা। সংবাদ সম্মেলনে নিহতের চাচা ও ভগ্নিপতি উপস্থিত ছিলেন।
এ সময় গত বছরের ১৯ জুলাই শিক্ষার্থীদের দাবীকৃত ১৫ দফার প্রতি অনড় সমর্থন জানিয়ে তিনি আরও ৪ দফা দাবি পেশ করেন। যার মধ্যে অন্যতম হলো—দোষীদের দ্রুত শনাক্তকরণ ও বিচার, প্রশাসনের ওয়াদাকৃত ক্ষতিপূরণ প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ।
প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের পর ভিসেরা রিপোর্টে জানা যায় যে, ওই শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। বর্তমানে সিআইডি এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। সাজিদ হত্যাকাণ্ডের পর থেকে ক্যাম্পাসে একাধিকবার বিচারের দাবিতে আন্দোলন ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









