জর্ডানের আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন সামরিক উড়োজাহাজ লক্ষ্য করে অতর্কিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে পশ্চিম ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯’ ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে বাহিনীটি, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এসব কথা জানায়। বিবৃতিতে জানানো হয়, আকাবা বিমানবন্দরে মার্কিন সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ নজরদারি উড়োজাহাজ লক্ষ্য করে ওই হামলা করা হয়েছে।
এতে কয়েকটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্ডানের মুওয়াফফাক সালতি/আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ২০টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে।
এদিকে ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।
মেহরের দাবি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সহায়তায় ড্রোনটি ভূপাতিত করা হয়।
অন্যদিকে ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকে চালানো এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মূলত ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার (নিয়ন্ত্রিত বিস্ফোরণ) সময় ওই সেনা নিহত হন বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।
সেন্টকম আরও জানিয়েছে, গত শুক্রবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে যে স্থানে ইরান হামলা চালিয়েছিল, সেখানে তল্লাশি চালিয়ে ‘অজ্ঞাত ব্যক্তির মানবদেহের অবশিষ্টাংশ’ পাওয়া গেছে। তার পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









