ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের ফুটবল উন্মাদনা ও আনন্দ ভাগাভাগি করে নিতে বিশ্ববিদ্যালয়ে তিনটি ভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি প্রদর্শণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং শাখা ছাত্রদল পৃথক পৃথকভাবে এই আয়োজন করেছে।
রাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মাঠের পূর্ব পাশে তিনটি ‘জায়ান্ট স্ক্রিন’ স্থাপন করা হয়েছে। স্টেডিয়ামের দক্ষিণ ফটক (বিজয়-২৪ হল সংলগ্ন) দিয়ে নারী শিক্ষার্থীরা এবং উত্তর ফটক (মাদার বখশ হল সংলগ্ন) ও প্রধান ফটক দিয়ে পুরুষ শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন। মাঠ ও গ্যালারি—উভয় স্থানেই বসে শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করতে পারবেন।
আয়োজনের বিষয়ে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘‘স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ২০ হাজার শিক্ষার্থী খেলা উপভোগ করতে পারবে। চার বছর পর আসা বিশ্বকাপে আমাদের ভাই-বোনেরা উদযাপন করতে চায়। তাই তাদের নিয়ে স্টেডিয়ামে তিনটি স্ক্রিনে ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করেছি। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।’’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করেছে শাখা ছাত্রদল। শহীদ মিনার প্রাঙ্গণের পূর্ব পাশের মুক্তমঞ্চের সামনে বসেই শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করতে পারবেন।
ছাত্রদলের এ আয়োজন সম্পর্কে শাখা সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘‘বিশ্বকাপ শুরুর আগেই আমরা সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সুষ্ঠুভাবে খেলা দেখানোর ব্যবস্থা করা হবে। সেই ধারাবাহিকতায় আজ ফাইনাল ম্যাচটি শিক্ষার্থীদের সঙ্গে শহীদ মিনারে বসে উপভোগ করব। ফুটবল আনন্দের খেলা, সেই আনন্দ আমরা শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’’
ছাত্রদল ও রাকসুর আয়োজন ছাড়াও ফাইনাল ম্যাচ দেখানোর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। শহীদ শামসুজ্জোহা চত্বরসংলগ্ন প্যারিস রোডে ৩০ ফুট প্রস্থ ও ২২ ফুট দৈর্ঘ্যের একটি বড় স্ক্রিন স্থাপন করেছে প্রশাসন। ওই স্ক্রিনের মাধ্যমে প্যারিস রোডে শিক্ষার্থীরা ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘‘প্যারিস রোডে খেলা দেখানোর জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। শিক্ষার্থীদের খেলা উপভোগের সুযোগ করে দিতেই এই আয়োজন করা হয়েছে।’’
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ক্যাম্পাসের নিরাপত্তার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যার পর থেকেই পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি, স্কাউট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা দায়িত্ব পালন করবেন। আমরা আশা করছি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফাইনাল ম্যাচটি উদযাপন করা সম্ভব হবে। নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য আহবান করা হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









