নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তারাবো পৌরসভার বরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫৫) ও চাঁদপুরের মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে রাসেল (৩৫)। তারা রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তারাবো পৌর বরাবো এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৮৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









