ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে ভবিষ্যতে দেশে ডেঙ্গু থাকবে না।’’
তিনি বলেন, ‘‘১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতনে দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, প্রয়োজন হলে একইভাবে ডেঙ্গুর বিরুদ্ধেও যুদ্ধ শুরু করতে হবে।’’
মন্ত্রী বলেন, ‘‘দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।’’ ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে বাড়ি থেকে এনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মধ্যে মেডিকেল হেলথ কার্ড বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









