উন্নয়ন ও বিশ্ব নেতৃত্বের মূল চালিকাশক্তি কেবল প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করছে না, বরং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক মেধা চর্চায় যারা এগিয়ে তারাই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ঐতিহ্যবাহী কীর্তনখোলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ডিন’স মেরিট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ১০৯ জন মেধাবী ও কৃতী শিক্ষার্থীর হাতে অনন্য এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আজকের এই অর্জনে আমরা সবাই গর্বিত। তবে মনে রাখতে হবে, মানুষের জ্ঞান ও বুদ্ধির চরম প্রয়োগই পৃথিবীকে বদলে দেয়। সঠিক জ্ঞানের চর্চা না থাকলে প্রচুর সম্পদও জাতির কাছে বোঝা হয়ে দাঁড়ায়। আজকের এই তরুণ মেধারাই আগামীর আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, “এই স্বীকৃতি তোমাদের নিরলস পরিশ্রম ও সাধনার ফল। সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা পেলে আমাদের এই শিক্ষার্থীরাই সমাজ বদলের মূল হাতিয়ার হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। এছাড়া অ্যাওয়ার্ডপ্রাপ্তদের পক্ষে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিকুর রহমান এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইতি খান মিতু অনুভুতি ব্যক্ত করেন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ডিন, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









