ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেইন বলেছেন, উন্নয়নকাজে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে অসম্পূর্ণ প্রকল্পের বরাদ্দ বাতিল করে অর্থ ফেরত নেওয়া হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে গৌরীপুর উপজেলা পাবলিক হলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি গৌরীপুর প্রেস ক্লাবের দ্বিতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন।
পরিচিতি সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কমিটি গঠনের আগে প্রতিযোগিতা কিংবা মতপার্থক্য থাকতে পারে। তবে এখন সব ভেদাভেদ ভুলে এক কাতারে এসে ধানের শীষ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে।
গৌরীপুরের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, গত তিন মাসে উপজেলার উন্নয়নে প্রায় ৮ কোটি টাকার প্রকল্প বরাদ্দ আনা হয়েছে। ২৮০টি প্রকল্পের মধ্যে মাত্র ১৫টির কাজ শেষ হয়েছে। অনেক ঠিকাদার টাকা নিয়েও কাজ ঝুলিয়ে রেখেছেন।
তিনি বলেন, যেসব প্রকল্পের ৮০ থেকে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে, সেগুলোর বাকি কাজ আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যথায় অসম্পূর্ণ প্রকল্পের বরাদ্দ বাতিল করে টাকা ফেরত নেওয়া হবে। কাজের গুণগত মানের ক্ষেত্রেও কোনো আপস করা হবে না।
গৌরীপুরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ইকবাল হোসেইন বলেন, নতুন করে ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩২ কিলোমিটার সড়ক ও হেরিংবোন রাস্তা পাকাকরণের অনুমোদন পাওয়া গেছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উপজেলার স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, গৌরীপুরে ১০০ শয্যার একটি হাসপাতাল অনুমোদন পেয়েছে। দ্রুত হাসপাতালের নির্মাণকাজ শুরু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার প্রক্রিয়া নেওয়া হবে।
পৌর শহরের সৌন্দর্যবর্ধন ও নাগরিক সুবিধা বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এর মধ্যে উত্তর বাজার থেকে প্রধান সড়কের দুই পাশে কাভার্ড ড্রেন নির্মাণ, পুরো সড়ক কার্পেটিং এবং শহরের বিভিন্ন স্থানে ১২টি আধুনিক পাবলিক টয়লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় স্কুলে স্কুলে তিন থেকে চার মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে পুরোনো জেলখানার সামনের খালি জায়গায় একটি দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ইকবাল হোসেইন বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক কারবারিদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করতে হবে।
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ. কে. এম. এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আলহাজ আব্দুর রহমান বাবুল এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি,উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









