‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে সামনে রেখে গত ২ মে শুরু হয়েছিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’। এবারের আসরের প্রতিপাদ্য ছিল, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী প্রথমে আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। পরে তিনি দর্শক সারিতে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও হাত মেলান। এ সময় স্কুলশিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এরপর প্রধানমন্ত্রী মাঠে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি স্কুলশিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে প্রতিভা বাছাইয়ের মাধ্যমে জাতীয় পর্বের প্রতিযোগিতা আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









