গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিকের ভাই আলিউজ্জামান দুলাল (৪৫) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার ওয়াবদার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজাতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।
আটককৃত আলিউজ্জামান দুলাল উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত মইজউদ্দিন শেখের ছেলে ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি কামরুল হাসানের ছোট ভাই।
এ দিকে গ্রেপ্তারকৃত আলিউজ্জামান দুলালের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় ফাসানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে এক‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচশ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় আলিউজ্জামান দুলালকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আলিউজ্জামান দুলালের ভাই সাংবাদিক কামরুল হাসান জানান, আমার ভাই একজন রাজমিস্ত্রী। সে কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নয়। ঘটনার দিন সে ওয়াবদারহাট বাজারে সড়কের পাশে একটি দোকানে রাজমিস্ত্রীর কাজ করছিল। ঘটনার ২ বছর পরে ষড়যন্ত্রমূলকভাবে সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করায় আমরা হতবাক হয়েছি। অথচ এই মামলার এজাহার নামীয় আসামীরা এলকায় বীরদর্পে ঘুরে বেরাচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। আমরা আলিউজ্জামান দুলালের নি:শর্ত মুক্তি চাই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘‘আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









