জৈন্তাপুর উপজেলায় সম্ভাব্য ঘূর্ণিঝড়, বন্যা, পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগে আগাম প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়'র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, মিলন কান্তি রায়, উপজলো মহিলা বিষয়ক অফিসার তাসলিমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জুলহাস, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন প্রমুখ। এছাড়াও বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই জানমাল রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। বিশেষ করে জৈন্তাপুরের মতো পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় রেখে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বক্তারা আরো বলেন, দুর্যোগকালীন সময়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থেকে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, নৌকা সহ উদ্ধার সরঞ্জাম ও জরুরি ওষুধের ব্যবস্থা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









