ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের যোগ্য ও বহুভাষী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুব দ্রুতই জাপানিজ ও চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের কার্যক্রম শুরু হতে করতে যাচ্ছি । ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা শিক্ষার্থীদের বহুভাষী দক্ষতায় জোর দিচ্ছি। বিশেষ করে একটি তৃতীয় ভাষা শেখার প্রতি আমরা গুরুত্ব প্রদান করেছি।
শনিবার (১ আগস্ট) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের তুলনায় স্বতন্ত্র। ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা শিক্ষার্থীদের বহুভাষী দক্ষতায় জোর দিচ্ছি। বিশেষ করে একটি ৩য় ভাষা শেখার প্রতি আমরা গুরুত্ব প্রদান করেছি। সেই লক্ষ্য বাস্তবায়নেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুত জাপানিজ এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আন্তর্জাতিক ভাষার দক্ষতা অর্জন অপরিহার্য। এই ভাষা কোর্সগুলো শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এবং তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীদের নীতি-নৈতিকতার প্রশংসা করে উপাচার্য বলেন, আমি বিশ্বাস করি, অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে নীতি-নৈতিকতা এবং মূল্যবোধের দিক থেকে আমাদের শিক্ষার্থীরা অনেক এগিয়ে। আগামী দিনে তোমরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সেভাবেই তোমাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব আবদুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়শনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ।
অনুষ্ঠানে বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









