বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। এতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও দ্য ওয়ালের প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটি পরিচালনা করছেন ঢাকাই চলচ্চিত্রের নির্মাতা মুহাম্মদ ইকবাল।
নতুন এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মধুমিতা সরকার। দ্য ওয়ালকে তিনি জানান, বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। তবে নানা কারণে তা চূড়ান্ত হয়নি। এবার কাজটি শুরু হতে যাওয়ায় তিনি আনন্দিত।
সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে মধুমিতা বলেন, ‘চামেলি’ চরিত্রটি বেশ বৈচিত্র্যময় ও বর্ণিল। এই চরিত্রে দর্শক তার অভিনয়ের ভিন্ন ভিন্ন দিক দেখতে পাবেন। চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে তিনি এরই মধ্যে ঢাকার স্থানীয় ভাষা রপ্ত করার প্রস্তুতি শুরু করেছেন।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।
চলতি বছরের জুনে বিয়ের পর বড় পর্দায় এটিই হতে যাচ্ছে মধুমিতা সরকারের প্রথম বড় প্রজেক্ট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









