কয়েক দিন আগেও মনে করা হচ্ছিল, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তি করতে মরিয়া রিয়াল মাদ্রিদ। তবে এখন পরিস্থিতি বদলেছে। চুক্তি নবায়ন নিয়ে সমঝোতা না হলে ভিনিসিয়ুসকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নতুন চুক্তির বিষয়ে রিয়াল তাদের সর্বশেষ প্রস্তাবের পর আর কোনো আর্থিক ছাড় দিতে রাজি নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের প্রতিনিধিদেরও বিষয়টি জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্রস্তাব গ্রহণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। আর তা না হলে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাকে ক্লাব ছাড়ার সুযোগ দেওয়া হতে পারে। চুক্তির শেষ বছরে প্রবেশ করে পরবর্তীতে বিনা ট্রান্সফার ফিতে চলে যাওয়ার পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত নিতে চাচ্ছে রিয়াল।
ভিনিসিয়ুসকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ইএসপিএনের সূত্র জানিয়েছে, রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিলে ভিনিসিয়ুসকে পাওয়ার দৌড়ে নিজেদের সুবিধাজনক অবস্থানে দেখছে আর্সেনাল। যদিও খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, এখনো আর্সেনালের সঙ্গে ভিনিসিয়ুসের কোনো সরাসরি যোগাযোগ হয়নি।
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে আগামী সোমবার রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবেবাসে প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার কথা ভিনিসিয়ুসের। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনো এক বছর বাকি থাকলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্মকর্তাদের পরবর্তী বৈঠকের সময়ও এখনো চূড়ান্ত হয়নি। ক্লাব মনে করছে, চুক্তি নবায়ন করবেন নাকি নতুন ঠিকানা খুঁজবেন—সেই সিদ্ধান্ত এখন পুরোপুরি ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের ওপর নির্ভর করছে।
চুক্তি নিয়ে মূল বিরোধের জায়গা বেতন নয়, বরং ‘সাইনিং বোনাস’ বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। বর্তমানে ব্যক্তিগত অর্জনের বোনাসসহ ভিনিসিয়ুসের বার্ষিক আয় প্রায় ১ কোটি ৮৫ লাখ ইউরো। রিয়ালের সর্বোচ্চ বেতনসীমা প্রায় ২ কোটি ইউরো হওয়ায় বেতন নিয়ে বড় সমস্যা নেই।
তবে পাঁচ বছরের নতুন চুক্তির মোট আর্থিক কাঠামো নিয়েই দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিরা মনে করছেন, তার বিকল্প খেলোয়াড় আনতে রিয়ালকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হতো, সে তুলনায় তাদের দাবি অযৌক্তিক নয়। অন্যদিকে রিয়ালের যুক্তি, ফ্রি ট্রান্সফারে আসা খেলোয়াড়দের তুলনায় কোনো খেলোয়াড়ের সাইনিং বোনাস বেশি হওয়া উচিত নয়।
২০১৮ সালে কিশোর বয়সে রিয়ালে যোগ দেওয়া ভিনিসিয়ুস বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন। তিনি দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করেছেন এবং ২০২৪ ব্যালন ডি’অরে রানার্সআপ হয়েছেন।
তবে রিয়াল মাদ্রিদ টানা দুই মৌসুম বড় কোনো ট্রফি ছাড়া কাটিয়েছে। চলতি দলবদলে ক্লাবটি বেশ সক্রিয় থাকায় এবং আক্রমণভাগে নতুন খেলোয়াড় যোগ হওয়ায় ভিনিসিয়ুসকে নিয়ে নির্ভরতা কিছুটা কমতে পারে। চুক্তি সংকট দীর্ঘ হলে তার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









