ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (CCRTB) ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন সংলগ্ন এলাকায় ‘One Man, One Plant – Plant Today, Protect Tomorrow’–প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজ্ঞান ভবন (ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন) থেকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন পর্যন্ত রাস্তার দুই পাশে শতাধিক 'রক্তকাঞ্চন' ফুল গাছের চারা রোপণ করা হয়।
সিসিআরটিবি ইবি স্টুডেন্ট চ্যাপ্টার–এর সভাপতি মো. মেহেদী হাসানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এসময় সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম বলেন, একটি গাছ কেবল অক্সিজেনের উৎস নয়, এটি একটি সুস্থ ও টেকসই ভবিষ্যতের প্রতীক। জলবায়ু পরিবর্তনের এই সংকটে পরিকল্পিত বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা রাখবে। নিশ্চয়ই এ ধরনের কার্যক্রমের জন্য সংগঠনের নতুন কমিটি প্রশংসা পাওয়ার দাবিদার।
উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম বলেন, পরিকল্পিত সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পাসকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করা সম্ভব। আশা করি, আগামী দিনে অন্যান্য ছাত্রসংগঠনও এমন ইতিবাচক উদ্যোগে এগিয়ে আসবে।
সংগঠনটির ইবি শাখার সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। CCRTB স্বাস্থ্যসেবার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা নিয়ে কাজ করে। আজকের এই বৃক্ষরোপণ আমাদের সবুজ ক্যাম্পাস গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনারই একটি অংশ। মানবিক ও পরিবেশবান্ধব কাজে আগ্রহী শিক্ষার্থীদের আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমরা কেবল চারা রোপণেই এ কার্যক্রম সীমাবদ্ধ রাখবোনা না; রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









