‘বৃক্ষ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে ৬০০টি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কক্সবাজার জেলা প্রেস ক্লাব, গ্রিন কক্সবাজার, প্রান্তিক চাষী সমাজ উন্নয়ন সংস্থা ও ওয়াটার কিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থীর হাতে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির ৬০০টি চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, ‘‘পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘একজন শিক্ষার্থী যখন নিজের হাতে একটি গাছ রোপণ করে এবং সেটির পরিচর্যা করে, তখন তার মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে ঘেরা পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।’’
ইউএনও পান্না আক্তার আরও বলেন, ‘‘শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করলে তাদের বই, কলম বা ক্রেস্টের পাশাপাশি একটি গাছের চারা উপহার দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে, তেমনি পরিবেশও উপকৃত হবে।’’
প্রধান আলোচক ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘‘শিক্ষা ও পরিবেশ একে অপরের পরিপূরক। একটি সবুজ শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুস্বাস্থ্য এবং পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ কাটার পরিবর্তে বেশি বেশি গাছ লাগানো ও সেগুলোর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।’’
বিশেষ অতিথি এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন, ‘‘প্রকৃতি আমাদের বিনামূল্যে অক্সিজেনসহ নানা উপকার দিয়ে যাচ্ছে। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছয় মাস পর শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের হাতে দেওয়া চারাগুলোর অবস্থা ও পরিচর্যা পর্যালোচনা করা হবে। ভালোভাবে গাছ রোপণ ও পরিচর্যা করা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।’’
বক্তারা শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম। সঞ্চালনা করেন ধরা কক্সবাজার জেলা শাখার সহ-সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম শ্রাবণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









