শহীদ ইকরামুল হক সাজিদের স্মৃতি ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগে ‘সাজিদ থেকে জুলাই: স্বপ্ন, সাহস ও সংগ্রামের গল্প’ শীর্ষক পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (৩আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় এবং এআইএস ডিবেট ফোরামের আয়োজনে বিভাগের সেমিনার কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন। বিষয়গুলো ছিল— ‘আমার চোখে জুলাই বিপ্লব’, ‘শহীদ সাজিদের স্বপ্ন, আমাদের দায়িত্ব’, ‘৭১ থেকে ২৪: আমাদের শিক্ষা’, ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ: প্রত্যাশা ও বাস্তবতা’ এবং ‘জবির আন্দোলন, সংগ্রাম ও প্রাপ্তির হিসাব’।
প্রতিযোগিতায় ১৯তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন ১৯তম ব্যাচের তামান্না আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী তাফহিম রাফি।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন এআইএস ডিবেট ফোরামের মডারেটর অধ্যাপক ড. আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আলী নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদ, অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দিন, অধ্যাপক ড. নিরুৎপল সরকার, অধ্যাপক ড. তাসলিমা আক্তার, সহযোগী অধ্যাপক ইশিতা আহমেদ এবং প্রভাষক মো. কামরুল হাসান তুহিন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ সাজিদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









