বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর এর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল (আরপিসি)-এর পরিচালক এবং কলা ও বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক (রসায়ন) ড. কাজী মোহাম্মদ এনামুল হক আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সম্মেলন ৮ম অ্যাডভান্সড কেমিস্ট্রি ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৭ এ ‘বিশিষ্ট বক্তা’ হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন।
কানাডাভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন আয়োজক প্রতিষ্ঠান পিয়ার্স অ্যালি মিডিয়ার উদ্যোগে আগামী ২০২৭ সালের ১৮ ও ১৯ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. কাজী মোহাম্মদ এনামুল হকের ‘সবুজ পদ্ধতিতে সংশ্লেষিত রৌপ্য ন্যানোকণা’র বৈশিষ্ট্য নিরূপণ এবং প্রাকৃতিক তন্তু দ্বারা শক্তিশালীকৃত ন্যানোকম্পোজিটে এর প্রয়োগ শীর্ষক গবেষণাপত্রের সারসংক্ষেপ সম্মেলনের বিশিষ্ট বক্তার উপস্থাপনা বিভাগে উপস্থাপনের জন্য মনোনিত হয়েছে।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন। সেখানে আধুনিক রসায়ন বিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি, জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য এবং উদীয়মান গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ড. কাজী মোহাম্মদ এনামুল হকের এই আন্তর্জাতিক আমন্ত্রণ বিএইউএসটির গবেষণা কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিমন্ডলে প্রতিষ্ঠানের অবস্থান আরও সুদৃঢ় হবে।
এ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি ড. কাজী মোহাম্মদ এনামুল হককে অভিনন্দন জানিয়েছেন । তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এ সম্মেলনে তার সফল অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিএইউএসটির গবেষণার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহায়ক হবে।
উল্লেখ্য, বিএইউএসটির রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল (আরপিসি) গবেষণা ও প্রকাশনা কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
ড. কাজী মোহাম্মদ এনামুল হকের এ আন্তর্জাতিক আমন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবোজ্জ্বল অর্জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









