বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর (NTRCA) কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রাখার দাবিতে এবং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
সোমবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী ও মেধাভিত্তিক নিয়োগ প্রত্যাশীরা অংশ নেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায়। এ সময় বিক্ষোভকারীরা ‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না’, ‘কমিটি পদ্ধতি মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে দীর্ঘদিন ধরে পরীক্ষা ও মেধার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এ পদ্ধতির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা বলেন, দেশের লাখো নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার ওপর আস্থা রেখেই তারা শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই বিদ্যমান নিয়োগ কাঠামো পরিবর্তনের আগে নিবন্ধনধারী ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া প্রয়োজন।
বিক্ষোভকারীদের দাবি, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যত বেশি কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর হবে, তত বেশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে প্রতিষ্ঠানভিত্তিক কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ তৈরি হতে পারে।
সমাবেশ থেকে দ্রুত এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং শিক্ষক নিয়োগের প্রস্তাবিত কাঠামো নিয়ে চাকরিপ্রত্যাশীদের উদ্বেগ বিবেচনার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









