জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের সামগ্রিক সংস্কার ও উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেছে হল সংসদ। বৈঠকে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট চার দফা দাবি উপস্থাপন করা হয়।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সাথে
শহীদ রফিক-জব্বার হল সংসদের জিএস শরীফুল ইসলাম সহ অন্যান্য প্রতিনিধিরা সাক্ষাৎ করেন। এ সময় শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ ড. আবদুছ ছাত্তার উপস্থিত ছিলেন।
বৈঠকে হল সংসদের পক্ষ থেকে উপাচার্যের কাছে চার দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো—হল মসজিদের জন্য স্থায়ী ইমাম নিয়োগ, হল-সংলগ্ন রাস্তা সংস্কার, হলের সীমানা নির্ধারণ ও বাউন্ডারি নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী রিডিং রুম নির্মাণ।
হল সংসদের নেতৃবৃন্দ দাবিগুলোর গুরুত্ব তুলে ধরে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। হলের আবাসিক পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
হল সংসদের জিএস শরিফুল ইসলাম বলেন, ‘আমরা শহীদ রফিক-জব্বার হল সংসদের পক্ষ থেকে হলের প্রাধ্যক্ষ স্যারসহ উপাচার্য স্যারের কাছে উল্লেখযোগ্য কয়েকটি দাবি উত্থাপন করেছি। স্যার আমাদের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।’
বৈঠকে হল সংসদের কমনরুম সম্পাদক রিয়াজুল হাকিম, স্বাস্থ্য সম্পাদক আবির হোসেন এবং কার্যকরী সদস্য ইহসান জিহাদ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









