যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষা ও গবেষণার মান আরও সম্প্রসারণের লক্ষ্যে সংস্কারকৃত দুটি আধুনিক ল্যাবরেটরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাব দুটির উদ্বোধন করেন।
রবিবার (৩০ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে রসায়ন বিভাগের ল্যাব উদ্বোধনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের আগে রসায়ন বিভাগের পরিচিতি নিয়ে তথ্য উপাত্ত স্লাইড আকারে তুলে ধরেন রসায়ন বিভাগের চেয়ারম্যান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের আসল রূপ ফুটে ওঠে এর উন্নতমানের গবেষণায়। মানসম্মত ও বিশ্বমানের গবেষণায় রসায়ন বিভাগকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কারকৃত এই আধুনিক ল্যাবরেটরিগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতার পাশাপাশি গবেষণায় নতুন উদ্দীপনা জোগাবে। তরুণ গবেষকরা যেন বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ল্যাবকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুুদুল হাসান বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের সকল ল্যাবের পাশাপাশি কেন্দ্রীয় ল্যাবকে আরও কার্যকরী করতে পারলে গবেষণার মান ও সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে। মূল্যবান যন্ত্রপাতি ক্রয় ও সংশ্লিষ্ট ল্যাব পরিচালনার ক্ষেত্রেও সহজ হবে।’’
উদ্বোধনী পর্বে রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী। এছাড়াও বিভাগটির শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, নতুনভাবে সংস্কার করা ল্যাবগুলোতে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম স্থাপন করায় এখন একাধিক জটিল গবেষণা প্রকল্পের কাজ সহজেই সম্পন্ন করা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে নব সজ্জিত ল্যাবগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি পর্যবেক্ষণ করেন। সংস্কারকৃত ল্যাব দুটিতে আধুনিক কেমিক্যাল স্টোরেজ, পর্যাপ্ত আলো-বাতাসের সুযোগ এবং বিশেষ অগ্নিনির্বাপক ব্যবস্থা যুক্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









