নওগাঁর মান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করার অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল জলিল সরকার (৫০)।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রচার চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৮ সেকেন্ডের ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার দাবি করে তাকে স্বাগত জানানোর আহ্বান জানাতে শোনা যায়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে প্রচারণা শেষ করা হয়।
পুলিশ সুপার জানান, ভিডিওটি নজরে আসার পর বৃহস্পতিবার রাতেই জেলা পুলিশ অভিযান শুরু করে। এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা বিষয়টি জানতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী বা সমর্থকেরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









