জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির অফিসিয়াল ফেসবুক পেজে সারা দেশ থেকে নির্বাচিত কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সারা দেশ থেকে ২৬০ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত কাউন্সিলররা হলেন, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক নাঈমুর রহমান ভুঁইয়া, অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কুবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক নিলয় বড়ুয়া এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কুবি শাখা ছাত্রশক্তির সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল।
জানা যায়, এ কাউন্সিলে সারা দেশের বিভিন্ন ইউনিট থেকে নির্বাচিত কাউন্সিলররা ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। একই সঙ্গে কাউন্সিলর হিসেবে নির্বাচিত ব্যক্তিরাও এসব পদে প্রার্থী হতে পারবেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও নির্বাচিত কাউন্সিলর নাঈমুর রহমান ভুঁইয়া বলেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা তিনজন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছি। জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল সফল হোক।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









