ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যেকোনো ভালো উদ্যোগে, বিশেষ করে তোমাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সবসময় পাশে থাকবে। জব কর্নার একটি ভালো উদ্যোগ এবং আমরা এটি সম্প্রসারিত করতে চাই।’’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের চাকরি ও ক্যারিয়ার সংক্রান্ত প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জব কর্নার-২’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, ‘‘আমি এ কথা আগেও বলেছি, আজকেও পুনরাবৃত্তি করছি। ৪৪তম বিসিএস থেকে শুরু করে ৫০তম বিসিএস পর্যন্ত আমি পিএসসির বোর্ডে মৌখিক পরীক্ষায় উপস্থিত ছিলাম। কিন্তু কষ্ট পাওয়ার মতো বিষয় যে, আমার বোর্ডে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে আমি পাইনি। আমি অন্যান্য অনেক কলেজের শিক্ষার্থীকে পেয়েছি, কিন্তু আমাদের শিক্ষার্থী পাইনি। এটি আমার জন্য আনন্দের নয়, বরং অত্যন্ত কষ্টের ও আফসোসের।’’
অতীত স্মরণ করে তিনি বলেন, ‘‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমন একটা স্বর্ণালী সময় ছিল, খুব বেশিদিন আগের কথা নয়, যখন প্রতিবছর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় ১০০ জনের মতো শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হতো। কিন্তু বিগত দীর্ঘ একটি সময় ধরে এই জায়গাতে আমাদের বড় ধরনের একটি সীমাবদ্ধতা বা শূন্যতা তৈরি হয়েছে। এই সীমাবদ্ধতার কারণগুলো আমরা উদ্ঘাটন করছি এবং সেগুলো থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি, আমরা আবার আগের সেই গৌরবময় জায়গায় ফিরে যেতে পারব, ইনশাআল্লাহ।’’
তিনি নতুন জব কর্নারের ব্যাপারে বলেন, ‘‘আমরা ‘জব কর্নার-২’ উদ্বোধন করলাম। ইনশাআল্লাহ, খুব শিগগিরই দ্রুততার সাথে আমরা ‘জব কর্নার-৩’ ও উদ্বোধন করব। পাশাপাশি ক্যাম্পাসে ইন্টারনেটের পর্যাপ্ত সুবিধার যে দাবি তোমরা করেছ, সেটিও আমরা নিশ্চিত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তোমাদের এই দাবিটি আমরা বিবেচনায় নিচ্ছি এবং আশা করি সেটিও দ্রুত বাস্তবায়ন করব।’’
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ। এছাড়াও ছাত্রদল ও শিবির নেতৃবৃন্দ এবং চাকরির প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









