সরকারি চাকরি পরীক্ষায় ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তুলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হেলাল উদ্দিন বলেন, কোটার বিরুদ্ধে আন্দোলনের পর ভাইভা নামক কোটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রসমাজ এই সিদ্ধান্ত মেনে নিবেনা। ছাত্রবিরোধী সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এদেশে টিকতে পারে নাই, ছাত্র সমাজ তার সাম্রাজ্য চুরমার ভেঙে দিয়েছে। শিক্ষার্থীবান্ধব কোনো সিদ্ধান্ত না আসলে আমরা কঠিন কর্মসূচিতে যাব।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সজিবুর রহমান বলেন, সরকার সব জায়গায় যে দলীয়করণ করছে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা এটি প্রমাণ করেছে। সরকার যদি মেধাবীদের সঠিক মূল্যায়ন না করে আবার দলীয়করণ করতে চায় তবে আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করব।
উল্লেখ্য, মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) জনবল নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর সমান (৫০-৫০) করা হয়েছে। প্রক্সি পরীক্ষা বা জালিয়াতি রোধের যুক্তি দেখিয়ে রোববার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সংক্রান্ত একটি বিধিমালার অনুমোদন দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









