ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা ফেরাতে প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। খাতা মূল্যায়নে পরীক্ষার্থীর রোল নম্বর না রেখে ‘কোডিং সিস্টেম’ চালুর চূড়ান্ত উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দৈনিক এদিন’র ইবি প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
উপাচার্য বলেন, ‘‘কোডিং সিস্টেমে পরীক্ষার খাতা মূল্যায়নের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। আগামী ২৮ তারিখের একাডেমিক কাউন্সিলের সভায় প্রস্তাবটি উত্থাপন করা হবে। এ বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’’
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘ল অ্যান্ড ল্যান্ড’ এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতি নিয়োগ ইস্যু নিয়ে দাবি জানাতে গেলে তাদের উপাচার্য বলেন, ‘‘তোমাদের একাডেমিক কার্যক্রমের যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি সমাধান করব। আমরা শিক্ষার্থীদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিচ্ছি। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখতে রোল লেখার নিয়ম তুলে দিয়ে কোডিং সিস্টেম চালু করা হচ্ছে।’’
পরীক্ষার খাতায় রোল নম্বরের বদলে কোডিং সিস্টেম চালুর এই ঘোষণাকে ইবি শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর মাধ্যমে খাতা মূল্যায়নে শিক্ষক-শিক্ষার্থীর পরিচয় গোপন থাকবে এবং মূল্যায়নে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









