ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বনাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের খেলার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এ টুর্নামেন্টে মোট ৩৬টি বিভাগ ও ৫টি হলের (ছাত্র) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। পূর্বে সকল বিভাগ ও হলের খেলার সময়সূচি প্রকাশ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, "শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখা জরুরি। এসব কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও চরিত্র গঠন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মদক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, দীর্ঘদিন পর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। খেলায় কেউ জয়ী হবে, কেউ পরাজিত হবে—তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া।
উপাচার্য আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই গৌরবময় ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও সমৃদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









