জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পাশের ভিক্টোরিয়া পার্কের একটি চায়ের দোকানের পাশে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঠালতলা এলাকায় কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমনের নাম জানা গেছে। তবে আহতের সঠিক সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, “দুই গ্রুপের নাম জানি না। তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে এসেছি। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি। টুকটাক হয়তো আঘাত লেগেছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









